নেছারাবাদে ক্লিনিকের জমি দখলে গাছ রোপণের অভিযোগ জামায়াত সদস্যের বিরুদ্ধে

হোম » পিরোজপুর » নেছারাবাদে ক্লিনিকের জমি দখলে গাছ রোপণের অভিযোগ জামায়াত সদস্যের বিরুদ্ধে
সোমবার ● ১৮ মে ২০২৬


 

নেছারাবাদে ক্লিনিকের জমি দখলে গাছ রোপণের অভিযোগ জামায়াত সদস্যের বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের জমি দখল করে শতাধিক সুপারি ও চাম্বল গাছের চারা রোপণের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত-সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মো. স্বপন খান, যিনি স্থানীয়ভাবে ওয়ার্ড পর্যায়ের জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচিত।

 

সোমবার (১৮ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শেহাংগল কমিউনিটি ক্লিনিক ঘিরে বিপুল সংখ্যক সুপারি ও চাম্বল গাছের চারা রোপণ করা হয়েছে। ক্লিনিক সংলগ্ন কয়েকটি মেহগিনি গাছ কেটে নেওয়ার আলামতও পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, কেটে নেওয়া গাছগুলো স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে।

 

ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শিল্পী রানী দাস জানান, স্বপন খান এসব গাছ রোপণ করেছেন। তাকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন। এর আগেও তিনি ক্লিনিকের পাশের কয়েকটি মেহগিনি গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও জানান, কমিউনিটি ক্লিনিকের নামে প্রায় পাঁচ শতক জমি রয়েছে এবং সেই জমির ওপর ক্লিনিকটি স্থাপিত। প্রত্যন্ত এলাকায় চাকরির কারণে ভীতি ও নিরাপত্তাজনিত শঙ্কায় বিষয়টি এতদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি বলেও জানান তিনি।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বপন খান বলেন, জমিটি এখন আমাদের না হলেও আগে আমাদের পূর্বপুরুষের ছিল। কেন গাছ লাগিয়েছি, সেটা সাংবাদিকদের জানার বিষয় নয়।

 

সমুদয়কাঠি ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আবু হানিফ বলেন, স্বপন খান নির্বাচনকালীন সময়ে ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য ছিলেন। তবে বর্তমানে তার নাম আনুষ্ঠানিক তালিকায় নেই। অভিযোগ সত্য হলে তা নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

 

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, কমিউনিটি ক্লিনিকের জমিতে গাছ লাগানোর বিষয়ে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:২৮:০৬ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ