সোমবার ● ১৮ মে ২০২৬

বামনায় মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

হোম » বরগুনা » বামনায় মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
সোমবার ● ১৮ মে ২০২৬


 

বামনায় মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তি ও শিক্ষক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

সোমবার (১৮ মে) সকাল ১০টায় বামনা উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রকল্পের শিক্ষকরা অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

 

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মো. বাকাবিল্লাহ। তিনি বলেন, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে চালু হওয়া এ প্রকল্প ইতোমধ্যে সাতটি পর্যায় সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে অষ্টম পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে।

 

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ষষ্ঠ পর্যায় পর্যন্ত প্রায় ২ কোটি ১৫ লাখ ৯ হাজার ৯৫০ জন এবং সপ্তম পর্যায়ে ১ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হয়েছে।

 

এ সময় বক্তব্য দেন মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। তিনি বলেন, বর্তমানে প্রকল্পে ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা স্বল্প ভাতা ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন।

 

বক্তারা অভিযোগ করেন, পাঠদানের পাশাপাশি যাকাত বিষয়ে উদ্বুদ্ধকরণ, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রমে তারা ভূমিকা রাখছেন। এরপরও তাদের চাকরি স্থায়ীকরণ ও প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৯:৫১:২৮ ● ২৫ বার পঠিত