সোমবার ● ১৮ মে ২০২৬
নিজস্ব জমিতে মসজিদ নির্মাণে বাধা, উত্তেজনা বাউফলে
হোম » পটুয়াখালী » নিজস্ব জমিতে মসজিদ নির্মাণে বাধা, উত্তেজনা বাউফলে

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের মধ্য পশ্চিম কনকদিয়া চুনারপোল জামে মসজিদের নিজস্ব জমিতে ভবন নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারপোল বাজার এলাকায় প্রায় ৩৫টি ছোট-বড় দোকান রয়েছে। ব্যবসায়ী ও স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে ১৯৯৩ সালে সরকারি খাস জমিতে একটি টিনশেড মসজিদ নির্মাণ করা হয়। পরে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, ২০০৪ সালে বাজার এলাকায় প্রায় ১২ শতাংশ জমি মসজিদের নামে দান করা হয়। ওই জমিতেই পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন মুসল্লিরা। ইতোমধ্যে ভবনের নিচতলার বিম পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
স্থানীয় মুসল্লি মো. আবুল হোসেন (৭০), মো. আব্বাস উদ্দিন (৫৫), মো. জাহাঙ্গীর হোসেন (৫২) ও মো. সেলিম হাওলাদার (৭০) অভিযোগ করে বলেন, মসজিদের দাগসংলগ্ন দশমিক ৬২ শতাংশ জমির মালিক শাহ আলম হাওলাদার তাঁর জমি মসজিদের দক্ষিণ পাশে থাকলেও তা উত্তর পাশের পথের মধ্যে দিতে হবে বলে দাবি করছেন। এ দাবি মানলে মসজিদের মূল ভবন নির্মাণ সম্ভব হবে না।
তাঁরা আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে এবং রোয়েদাদও সম্পন্ন হয়েছে। এরপরও ভবনের নিচতলার বিম নির্মাণের পর পুনরায় বাধা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোছা. ছবি তারা বেগম (৩৫) বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে মসজিদের নির্মাণকাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। একটি পরিবার ছাড়া পুরো বাজার এলাকার মানুষ মসজিদের নিজস্ব জমিতে ভবন নির্মাণের পক্ষে।’
তবে অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর দুই ছেলে মো. মামুন (৩৫) ও মো. রাসেল (৩২) বলেন, ‘আমাদের জমি উত্তর পাশেই দিতে হবে। এ বিষয়ে আমরা আমাদের অবস্থানে অনড়।’
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, ‘মসজিদ সবার। খাস জমি ছেড়ে নিজস্ব জমিতে ভবন নির্মাণের উদ্যোগ ইতিবাচক। ধর্মীয় স্থাপনার কাজে বাধা দেওয়া ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
বাংলাদেশ সময়: ১৮:২৮:৪৮ ● ২৩ বার পঠিত
