শুক্রবার ● ১৫ মে ২০২৬
গলাচিপায় ১,৫০০ পিস ইয়াবাসহ আটক ৪
হোম » পটুয়াখালী » গলাচিপায় ১,৫০০ পিস ইয়াবাসহ আটক ৪

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকাসহ এক নারী ও তিন যুবককে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রোকেয়া বেগম (৪৭), মো. ইমন মিয়াজী (২৩), মো. রিয়াদ মাহমুদ ইভান (২৫) এবং মো. শাকিল সরদার (১৯)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার একটি চৌকস দল মিজানুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। পরে চারজনকে আটক করে থানায় নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে গলাচিপাসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, প্রায় ৯ মাস আগে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে এই চক্রটি মাদক ব্যবসা শুরু করে। শুরুতে ৫০ পিস ইয়াবা বিক্রির মাধ্যমে কার্যক্রম চালালেও ধীরে ধীরে তা ১০০, ২৫০ ও ৩০০ পিসে বিস্তৃত হয়। সর্বশেষ তারা ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা এনে গলাচিপায় বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঝিলন সিকদার বলেন, দেশে মাদক নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০৬:২৭ ● ২৮ বার পঠিত
