বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬

উন্নয়নের পরিকল্পনা নেয় সরকার, বাস্তবায়ন করেন কর্মকর্তারা: চিফ হুইপ

হোম » জাতীয় » উন্নয়নের পরিকল্পনা নেয় সরকার, বাস্তবায়ন করেন কর্মকর্তারা: চিফ হুইপ
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬


 

উন্নয়নের পরিকল্পনা নেয় সরকার, বাস্তবায়ন করেন কর্মকর্তারা: চিফ হুইপ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, সরকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে, আর সরকারি কর্মকর্তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন। প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করলেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।

 

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। এছাড়া জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

চিফ হুইপ বলেন, সরকারের গৃহীত নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নতুন সরকার দায়িত্ব গ্রহণের সময় প্রায় চার হাজার নতুন কর্মকর্তা নিয়ে কার্যক্রম শুরু করে। আবার সরকারের মেয়াদ শেষ হলে তারা দায়িত্ব ছেড়ে দেন। এতে সরকার ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হয়।

 

তিনি আরও বলেন, কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থেকে উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।

 

তিনি বলেন, বিভাজনের রাজনীতি পরিহার করে অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐকমত্য থাকলে জ্বালানি সংকটসহ যেকোনো সমস্যার সমাধান সম্ভব।

 

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে বুধবার রাতে বরগুনায় পৌঁছান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আগামী ১৬ মে তিনি বরগুনা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৩০ ● ২৭ বার পঠিত