পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় এক দশক পর ২ জনের যাবজ্জীবন

হোম » পিরোজপুর » পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় এক দশক পর ২ জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬


 

পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় এক দশক পর ২ জনের যাবজ্জীবন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় মানসিক প্রতিবন্ধী দম্পতির ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দীর্ঘ এক দশক পর প্রধান আসামি ও তার সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামের মোঃ নজরুল ইসলাম সরদার (৩৫) এবং মোসাঃ গোলাপী বেগম (৩০)। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় তাদের দোষী সাব্যস্ত করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা-মা দুজনেই মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

 

২০১৬ সালের ১৭ আগস্ট স্কুল ছুটির পর শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে স্কুল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। শিশুটির ভাষ্যমতে, চানাচুর ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তদন্তে উঠে আসে, একই কায়দায় তাকে একাধিকবার সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

 

এ ঘটনায় ২০১৬ সালের ২৭ আগস্ট মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪৪ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ