আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

হোম » বরগুনা » আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬


আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন শামসুল হকের বাড়ির বিপরীতে খালের পাড়ে রাতে হঠাৎ ডাক-চিৎকার শোনা যায়। পরে স্থানীয়রা গিয়ে মনোয়ারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভেন্দু রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ছোট বোন শাহিনুর অভিযোগ করে সাগরকন্যাকে বলেন, আমার ভাইকে যারা এমন নৃশংসভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, মনোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।
ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৫৮ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ