মঙ্গলবার ● ১২ মে ২০২৬

নলছিটির আলোচিত মিলন হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেফতার

হোম » ঝালকাঠী » নলছিটির আলোচিত মিলন হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেফতার
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


 

নলছিটির আলোচিত মিলন হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা এলাকায় আলোচিত মিলন হাওলাদার (২৮) হত্যা মামলার তিন আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার বিকেলে ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বেল্লাল হাওলাদার, হারুন হাওলাদার ও শাহআলম হাওলাদার। তারা সবাই নলছিটি উপজেলার শংকরপাশা এলাকার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।

 

জানা গেছে, গত ৫ মার্চ সকালে নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা এলাকায় আসামিরা মিলন হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই তার মৃত্যু হয়েছে। নিহত মিলন একই এলাকার সেলিম হাওলাদারের ছেলে।

 

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার পর আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে র‍্যাব-৩ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে রাজধানীর শাহবাগ এলাকা থেকে সোমবার তাদের গ্রেফতার করা হলো।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের অনুরোধে র‍্যাব-৩ ও র‍্যাব-৮ যৌথভাবে আসামিদের গ্রেফতার করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। তাদের নলছিটি থানায় আনার জন্য পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৬:২২ ● ২০ বার পঠিত