সোমবার ● ১১ মে ২০২৬
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা কাউখালীতে ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা; ৩২ শিক্ষার্থীকে আশ্বস্ত করল বোর্ড
হোম » লিড নিউজ » দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা কাউখালীতে ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা; ৩২ শিক্ষার্থীকে আশ্বস্ত করল বোর্ড

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা ভুল সেট কোডের প্রশ্নপত্রে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩২ জন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও শিক্ষা বোর্ড জানিয়েছে, এতে শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (১০ মে) সকাল ৯টায় বরিশাল শিক্ষা বোর্ড থেকে ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা ‘১ নম্বর সেটে’ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের নির্ধারিত সেটের প্রশ্নপত্র সরবরাহ করার কথা থাকলেও সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিব যথাযথ যাচাই ছাড়াই ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষার্থীরা সেই প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে।
পরীক্ষা শেষে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখার সময় বিষয়টি জানাজানি হয়। এরপর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
পরীক্ষার্থী সুমাইয়া আক্তার ও হুরায়রা আক্তার সাগরকন্যাকে জানায়, পরীক্ষা শেষে অন্যদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে তারা বুঝতে পারেন তাদের সেট আলাদা ছিল। এরপর থেকেই ফলাফল নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।
এক পরীক্ষার্থীর অভিভাবক নান্না মিয়া বলেন, বোর্ডের নির্ধারিত সেটের বাইরে পরীক্ষা নেওয়ায় তারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ‘১ নম্বর সেটে’ পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ভুলবশত ‘৩ নম্বর সেটে’ পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। বোর্ড থেকে জানানো হয়েছে, যে প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে, সেই প্রশ্ন অনুযায়ীই উত্তরপত্র মূল্যায়ন করা হবে। ফলে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। এছাড়া কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দায়িত্বে অবহেলার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ওই প্রশ্নপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২০:২১:৫৬ ● ২৮ বার পঠিত
