রবিবার ● ১০ মে ২০২৬
নেছারাবাদে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত গ্রেফতার
হোম » পিরোজপুর » নেছারাবাদে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. খোকন হাওলাদার (৩৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া খোকন হাওলাদার উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নুরুল হক হাওলাদারের ছেলে। রবিবার (১০ মে) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী কাজের সুবাদে ঢাকায় অবস্থান করেন। এ সুযোগে অভিযুক্ত খোকন হাওলাদার দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
গত ৬ মে দুপুরে গৃহবধূ বাড়ির কাজ শেষে সারেংকাঠী সরকারি আবাসনের পাশের খালের ঘাটে গোসল করতে গেলে অভিযুক্ত সেখানে উপস্থিত হন। এ সময় তিনি অশালীন আচরণ ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী প্রতিবাদ করলে অভিযুক্ত জোরপূর্বক তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ভয়ভীতি দেখান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অভিযুক্ত তাকে একটি রান্নাঘরে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী নিজেকে রক্ষায় চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে পরিবার ও প্রতিবেশীদের বিষয়টি জানান।
পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, এক নারীর দায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত খোকনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫৩ ● ৩২ বার পঠিত
