শনিবার ● ৯ মে ২০২৬
বাউফলে নামফলকের ভুলে কোটি কোটি টাকার ব্যয় দেখানো; এলজিইডি ঘিরে সমালোচনা
হোম » লিড নিউজ » বাউফলে নামফলকের ভুলে কোটি কোটি টাকার ব্যয় দেখানো; এলজিইডি ঘিরে সমালোচনা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও একটি টয়লেট নির্মাণের নামফলকে ব্যয়ের অঙ্কে বড় ধরনের ভুলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জনৈক কনটেন্ট ক্রিয়েটরের প্রকাশিত ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।
ভিডিওতে দেখা যায়, উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দ্বিতল ভবনের নামফলকে নির্মাণ ব্যয় উল্লেখ করা হয়েছে ৭৩ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৭৭৪ টাকা। পরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, প্রকৃত ব্যয় ছিল ৭৩ লাখ ৯১ হাজার ৬৬৭ টাকা। ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় চারতলা ফাউন্ডেশনের ওপর নির্মিত ভবনটি হস্তান্তর করা হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও বিস্ময়ের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একটি গ্রামীণ বিদ্যালয়ের ভবনে এত বিপুল ব্যয়ের তথ্য কীভাবে নামফলকে উল্লেখ করা হলো।
এর আগে সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের ইদু হাওলাদারের বাড়ির পাশে একটি মসজিদসংলগ্ন টয়লেটের নামফলক নিয়েও একই ধরনের বিভ্রান্তি দেখা দেয়। সেখানে ব্যয় উল্লেখ করা হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা। অথচ প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৩ টাকা।
২০২৪-২৫ অর্থবছরে এলজিইডির রাজস্ব তহবিলের আওতায় নির্মিত ওই টয়লেটটি মুসল্লিদের ব্যবহারের জন্য তৈরি করা হয় বলে জানা গেছে। নামফলকে সংখ্যাগত টাইপিং ভুলের কারণে এই বিভ্রান্তি তৈরি হয় বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
দুটি ঘটনার পর সরকারি প্রকল্পের নামফলকে এমন গুরুতর ভুল কীভাবে হলো- এ নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় পর্যায়ে। বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গাফিলতির কারণেই এলজিইডি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নামফলক তৈরির সময় টাইপিং ত্রুটির কারণে এ বিভ্রান্তি ঘটে। বিষয়টি জানার পর ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৪:০৪ ● ২২ বার পঠিত
