শনিবার ● ৯ মে ২০২৬
আমতলীতে বিএনপি নেতার পক্ষে এবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
হোম » বরগুনা » আমতলীতে বিএনপি নেতার পক্ষে এবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলনে অপপ্রচারের অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন একটি চাঁদাবাজি মামলার বাদী সিএনজি চালক মোঃ আমিরুল ইসলাম।
শনিবার দুপুরে আমতলী জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আমিরুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তার দাবি, পূর্বে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষের ছত্রছায়ায় কিছু ব্যক্তি সিএনজি ও মাহেন্দ্র থেকে চাঁদা আদায় করতেন। পরে রাজনৈতিক পরিবর্তনের পর ওই চক্রের কিছু সদস্য ভোল পাল্টে শ্রমিকদলে যুক্ত হয়ে আগের কর্মকাণ্ড ঢাকতে বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ২ মার্চ প্রশাসনের নির্দেশনায় সিএনজি ও থ্রি-হুইলার স্ট্যান্ড থেকে চাঁদা আদায় বন্ধ করা হলেও পরবর্তীতে কিছু ব্যক্তি নির্দেশ অমান্য করে পুনরায় চাঁদা আদায়ের চেষ্টা করে। এ ঘটনায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ তাদের কারাগারে পাঠায়। এ ঘটনাকে কেন্দ্র করেই তাকে ও বিএনপি নেতাকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে আমতলী উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃ তারিকুল ইসলাম সোহাগ অভিযোগ করে বলেন, বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির তার ঘনিষ্ঠদের মাধ্যমে সিএনজি ও মাহেন্দ্র থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত ছিলেন এবং সেই বিষয়টি আড়াল করতেই শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাকে ভিন্ন খাতে নিতে সাজানো সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রমাণিত না হলে কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮:২৩:৩০ ● ২৯ বার পঠিত
