শুক্রবার ● ৮ মে ২০২৬
মোংলায় ২৭ দিন ধরে নিখোঁজ মিরাজ, স্বজনদের ফিরে পাওয়ার আকুতি
হোম » খুলনা » মোংলায় ২৭ দিন ধরে নিখোঁজ মিরাজ, স্বজনদের ফিরে পাওয়ার আকুতি

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
মোংলায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মিরাজ শেখ (৩০) নামে এক যুবককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ২৭ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। নিখোঁজ মিরাজ মোংলা থানার জয়মনি এলাকার মোস্তফা শেখের ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও জেলে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় মোংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরাজকে জীবিত ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তার স্বজনরা।
সংবাদ সম্মেলনে মিরাজের বোন লিজা আক্তার লিখিত বক্তব্যে জানান, গত ১০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে জয়মনি ঠোটা এলাকার একটি চায়ের দোকান থেকে কোস্ট গার্ড সদস্য পরিচয়ে মিরাজকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় ঘটনাস্থলে তার স্ত্রীসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। মিরাজকে নিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেলটি দোকানের পাশে রেখে যাওয়া হলেও ৮-১০ দিন পর রাতে আবার কোস্ট গার্ড পরিচয়ে এসে মোটরসাইকেলটিও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
পরিবারের দাবি, নিখোঁজের পরদিন ১১ এপ্রিল কোস্ট গার্ডের দিগরাজ বেইজে যোগাযোগ করা হলে প্রথমে বিকেলে দেখা করানোর আশ্বাস দেওয়া হয়। পরে তারা মিরাজ নামে কাউকে আটক করার বিষয়টি অস্বীকার করে। পরবর্তীতে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি আটকের বিষয়টি স্বীকার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২-৩ দিনের মধ্যে ছেড়ে দেওয়ার কথা জানান। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখনো মিরাজের কোনো সন্ধান মেলেনি।
লিজা আক্তার বলেন, মিরাজই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারটি চরম অসহায় ও উদ্বেগের মধ্যে রয়েছে। এ ঘটনায় গত ২৩ এপ্রিল মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বজনরা বলেন, যদি কোনো অপরাধ থেকে থাকে, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে আদালতে হাজির করা উচিত ছিল। কিন্তু তুলে নেওয়ার পর দীর্ঘদিন নিখোঁজ রাখা অত্যন্ত উদ্বেগজনক।
এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব জানান, মিরাজ নামে কাউকে আটক করার কোনো তথ্য তাদের কাছে নেই। কোস্ট গার্ড পরিচয়ে কাউকে তুলে নেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। তিনি দাবি করেন, সুন্দরবন এলাকায় দস্যুবিরোধী অভিযান প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোস্ট গার্ডকে জড়ানো হচ্ছে।
অন্যদিকে, নিখোঁজ মিরাজের সন্ধান পেতে পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সোসাইটি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বলেন, মিরাজের সন্ধানে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে মিরাজের মা তাসলিমা বেগম, স্ত্রী মুক্তা বেগম, শিশু পুত্র মাহির, শাশুড়ি দুলিয়া বেগমসহ স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৩৫:২১ ● ২৫ বার পঠিত
