বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬

রবীন্দ্রজয়ন্তীতে ঢাকায় ‘সম্প্রীতি’ শিল্প প্রদর্শনীর উদ্বোধন

হোম » ঢাকা » রবীন্দ্রজয়ন্তীতে ঢাকায় ‘সম্প্রীতি’ শিল্প প্রদর্শনীর উদ্বোধন
বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬


 

রবীন্দ্রজয়ন্তীতে ঢাকায় সম্প্রীতি শিল্প প্রদর্শনীর উদ্বোধন

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় ‘সম্প্রীতি’ শীর্ষক শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। বৃহস্পতিবার (৭ মে) গুলশানে আইজিসিসি প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১০ ও ১১ এপ্রিল আয়োজিত ‘সম্প্রীতি’ আর্ট ক্যাম্পের ধারাবাহিকতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত আইসিসিআর দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে শিল্প, সাহিত্য, সংগীত, শিক্ষা ও একাডেমিক বিনিময়ের মাধ্যমে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরদারে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বালন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, বরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী, মনিরুল ইসলাম, অধ্যাপক ফরিদা জামান ও অধ্যাপক আব্দুস সাত্তার।

উদ্বোধনী বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং জনগণের আন্তরিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। শিল্প এমন একটি শক্তিশালী মাধ্যম, যা দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও গভীর করে।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক, যার সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ আজও দুই দেশের সম্পর্ককে অনুপ্রাণিত করছে।

প্রদর্শনীতে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্পে অংশ নেওয়া বাংলাদেশের ৩৩ জন বিশিষ্ট সমকালীন শিল্পী ও আইসিসিআর স্কলারদের শিল্পকর্ম স্থান পেয়েছে। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন অধ্যাপক রফিকুন নবী, মনিরুল ইসলাম, আব্দুস শাকুর, আব্দুস সাত্তার, ফরিদা জামান, রঞ্জিত দাস, জামাল আহমেদ, নাঈমা হকসহ আরও অনেকে।

অনুষ্ঠানে গত এপ্রিল মাসে প্রয়াত বিশিষ্ট শিল্পী ও আইসিসিআর স্কলার তরুণ ঘোষের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। তাঁর স্মরণে একটি শিল্পকর্ম প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সঞ্জয় চক্রবর্তীর কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনীতে উপস্থিত শিল্পীরা আশা প্রকাশ করেন, ‘সম্প্রীতি’ ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের শিল্পী বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

সন্ধ্যার আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক শাহনাজ নাসরিন ইলার পরিবেশনায় রবীন্দ্রসংগীত।

আগামী ৮ মে থেকে ১৭ মে পর্যন্ত গুলশানের আইজিসিসি প্রাঙ্গণে প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:১৪:৪৯ ● ২৮ বার পঠিত