মঙ্গলবার ● ৫ মে ২০২৬

দশমিনায় মাত্র ২৫ ফুট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » দশমিনায় মাত্র ২৫ ফুট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


 

দশমিনায় মাত্র ২৫ ফুট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় মাত্র ২৫ ফুট সড়ক সংস্কারের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন এলাকাবাসী। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া নতুন বাজার থেকে গছানী বাজার পর্যন্ত পাকা সড়কের মাত্র ২৫ ফুট অংশ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে তারা।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ দাসপাড়া নতুন বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, নতুন বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন, গণঅধিকার পরিষদ নেতা রমিজ উদ্দিন, মামুন হাওলাদার, সৈয়ব হাওলাদার ও নাসির রাড়িসহ অনেকে।

 

বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নতুন বাজার থেকে গছানী বাজার পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করা হলেও নতুন বাজার সংলগ্ন প্রায় ২৫ ফুট অংশে এখন জরুরি সংস্কার প্রয়োজন। ওই অংশ দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচল করে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

 

তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটির ওই অংশ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১:১২:০৫ ● ১৪০ বার পঠিত