মঙ্গলবার ● ৫ মে ২০২৬
উজিরপুরে বাসচাপায় ঝরল দাদী-নাতনির প্রাণ
হোম » লিড নিউজ » উজিরপুরে বাসচাপায় ঝরল দাদী-নাতনির প্রাণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের উজিরপুরে রাস্তা পারাপারের সময় বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় দাদী ও নাতনী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উজিরপুরের পশ্চিম জয়শ্রী গ্রামে কাজী বাড়ির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকছানা ইয়াসমিন (৬৫) এবং তার নাতনী রুবেল কাজীর মেয়ে আরফা বেগম (৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর সোয়া ১২টার দিকে বাসটি উজিরপুরের পশ্চিম জয়শ্রী এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় রোকছানা ইয়াসমিন ও আরফা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদী ও নাতনির মৃত্যু হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, খবর পেয়ে উজিরপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটি আটক করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:১৫:৫২ ● ২৪ বার পঠিত
