মঙ্গলবার ● ৫ মে ২০২৬
কলাপাড়ায় কলেজ অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে হামলা, গুরুতর আহত
হোম » লিড নিউজ » কলাপাড়ায় কলেজ অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে হামলা, গুরুতর আহত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় এক কলেজ অধ্যক্ষের ওপর হাতুড়ি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হন। সোমবার সকালে পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অধ্যক্ষ মো. আবু সালেহকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবারের বরাত অনুযায়ী, সকালে মর্নিং ওয়াক শেষে কলাপাড়া পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকা থেকে বাসায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। কলাপাড়ায় অবস্থিত ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আবু সালেহকে হামলার সময় হামলাকারি একাই ছিলেন বলেও জানা যায়।
অভিযোগে বলা হয়, কুয়াকাটার আজিমপুরের জসিম নামের এক ব্যক্তি, যিনি বিএনপি পরিচয় দেন বলে দাবি করা হয়েছে, হঠাৎ করে হাতুড়ি দিয়ে তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত অধ্যক্ষকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
অধ্যক্ষ মো. আবু সালেহ বলেন, আমার সঙ্গে ওই ব্যক্তির কোনো বিরোধ নেই। আমি তাকে চিনি না। পরে জানতে পারি তার নাম জসিম। তার বাবা আবু সাঈদ মিয়া কুয়াকাটা পৌর বিএনপির একজন নেতা।
তিনি আরও জানান, চিকিৎসা শেষে নিরাপত্তাজনিত কারণে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, এ ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তবে একজন অধ্যক্ষের ওপর এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:০০:৫৮ ● ৪৯ বার পঠিত
