বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় দুই দিনে বজ্রপাতে ৪০ গরু ও দুইজনের মৃত্যু
হোম » লিড নিউজ » কলাপাড়ায় দুই দিনে বজ্রপাতে ৪০ গরু ও দুইজনের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় টানা দুই দিনের কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৪০টি গরু এবং দুইজন মানুষের মৃত্যু হয়েছে। এতে অন্তত ৩৬ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। কৃষকদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে মঙ্গলবার ও বুধবার দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে এ হতাহতের ঘটনা ঘটে। বজ্রপাতে শুধু গাভি নয়, ছোট বাছুর ও কোরবানির জন্য প্রস্তুত করা গরুও মারা গেছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
নিহতদের মধ্যে চাকামইয়া ইউনিয়নের পূর্বচাকামইয়া গ্রামের মো. বাদশা মিয়ার স্ত্রী সেতারা বেগম (৫৫) রয়েছেন। বুধবার দুপুরে তিনি বাড়ির পাশে খোলা মাঠে গরু নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের ইউনুস মিস্ত্রীর ছেলে মো. জহির মাঠে গরুর জন্য ঘাস কাটতে গেলে বজ্রপাতে প্রাণ হারান।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন ধুলাসার ইউনিয়নের তারিকাটা গ্রামের দেলোয়ার হোসেন, বালিয়াতলী ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের ইব্রাহিম হাওলাদার ও হাবিবুল্লাহ, মধুখালী ইউনিয়নের আনেচ খান ও এনায়েত তালুকদার, মহিপুর ইউনিয়নের নূর হোসেনসহ আরও অনেকে।
মিঠাগঞ্জ ইউনিয়নের আজিমদ্দিন গ্রামের প্রান্তিক কৃষক রুহুল আমিন খান জানান, মাঠে বাঁধা থাকা দুধের একটি গাভি বজ্রপাতে মুহূর্তেই মারা যায়, এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ বিল্লাহ জানান, মঙ্গলবার ও বুধবার বজ্রপাতে ৪০টি গরুর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে এবং ৩৬ জন কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে বাস্তবে মৃত গরুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ সাগরকন্যাকে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারিভাবে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঢেউটিন দেওয়া হচ্ছে। একই সঙ্গে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯:২৫:২৩ ● ৩০ বার পঠিত
