বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত
হোম » বরিশাল » গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে পথচারীসহ ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে উপজেলার টরকী, নিলখোলা, বেজগাতি ও কটকস্থল এলাকায় পৃথক সময়ে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টরকী বাসস্ট্যান্ড এলাকায় একটি পাগলা কুকুর এক ব্যক্তিকে কামড় দেয়। পরে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে কুকুরটিকে ধাওয়া করলে এটি ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে উত্তর দিকে চলে যায়। এ সময় কুকুরটি পথে টরকী, নিলখোলা, বেজগাতি ও কটকস্থল এলাকায় আরও ১৩ জনকে কামড় দিয়ে আহত করে।
আহতরা পরে পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তৌকির আহম্মেদ সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, পাগলা কুকুরের কামড়ে আহত ১৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারিভাবে রেবিস ভ্যাকসিন না থাকায় তারা বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে আনার পর জরুরি বিভাগে তা রোগীদের প্রয়োগ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:২০:১২ ● ৩৯ বার পঠিত
