বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬

বাউফলে শিক্ষার্থীদের সংসদ ভিজিট, গণতন্ত্রের পাঠ নিতে ব্যতিক্রমী উদ্যোগ

হোম » পটুয়াখালী » বাউফলে শিক্ষার্থীদের সংসদ ভিজিট, গণতন্ত্রের পাঠ নিতে ব্যতিক্রমী উদ্যোগ
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬


 

বাউফলে শিক্ষার্থীদের সংসদ ভিজিট, গণতন্ত্রের পাঠ নিতে ব্যতিক্রমী উদ্যোগ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে বুধবার দুপুরে গণতন্ত্রের পাঠ নিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে নিয়ে জাতীয় সংসদ পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ শিক্ষামূলক সফরে দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান সরাসরি দেখার সুযোগ পায়।

 

এ সফরে এমপি নিজেই শিক্ষার্থীদের সংসদ ভবনের গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখান এবং স্থাপত্য, অধিবেশন কক্ষ, আইন প্রণয়ন প্রক্রিয়া ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দেন। সফরজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ ও কৌতূহল।

 

সংসদ পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আজ আমার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। শিক্ষার্থীদের সংসদে নিয়ে আসা আমার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেরই অংশ।’ তিনি জানান, বর্তমান তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে এবং তাদের মধ্য থেকেই সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে উঠবে।

 

তিনি আরও জানান, সংসদ সচিবালয়ের সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মানুষের জন্য কাজ করা, দক্ষতা ও যোগ্যতা অর্জন এবং নৈতিক মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

 

সংসদ ভিজিট শেষে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা প্রকাশ করে উচ্ছ্বাস জানায়। তাদের ভাষ্য, সংসদ ভবন সরাসরি দেখার সুযোগ তাদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

 

এদিকে এ উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অভিভাবক ও শিক্ষাবিদরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০৩ ● ১৩৯ বার পঠিত