বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে মধ্যরাত থেকে তেঁতুলিয়া নদীতে মাছ আহরণ শুরু
হোম » জেলে-মৎস্য » পটুয়াখালীতে মধ্যরাত থেকে তেঁতুলিয়া নদীতে মাছ আহরণ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে পটুয়াখালীর অভয়াশ্রম খ্যাত তেঁতুলিয়া নদীসহ দেশের পাঁচটি অভয়াশ্রমে সব ধরনের মাছ আহরণ শুরু হচ্ছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগমুহূর্তে শেষ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। অনেকে ট্রলারে জাল উঠানোসহ আনুষঙ্গিক কাজ শেষ করছেন, ফলে জেলে পল্লীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জেলেরা জানান, দীর্ঘ বিরতির পর মাছ ধরার সুযোগে তারা কিছুটা স্বস্তি অনুভব করলেও নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রণোদনার পরিমাণ বাড়ানোর দাবি রয়েছে তাদের। তারা বলেন, আগামী বছরে এ সহায়তা বাড়ানো না হলে জীবিকা নির্বাহে আরও সংকট তৈরি হতে পারে।
দশমিনার জেলে নেয়াসত উল্লাহ সাগরকন্যাকে বলেন, এবার মাছ শিকার বন্ধের সময়টাতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যথাসময়ে সরকারি সহায়তা পাওয়া এবং এর পরিমাণ বৃদ্ধি করাটা খুবই জরুরি।
উল্লেখ্য, ইলিশ সম্পদ উন্নয়নে ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধ ছিল।
বাংলাদেশ সময়: ১৪:৩৬:০৪ ● ১০৩ বার পঠিত
