বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
বরিশালে বাবার লাশ নিয়ে জেলগেটে ছেলের শেষ দেখা
হোম » বরিশাল » বরিশালে বাবার লাশ নিয়ে জেলগেটে ছেলের শেষ দেখা

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালে পিতা আবুল বাশারের মৃত্যুর পরও প্যারোলে মুক্তি মেলেনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি আহসান শাহরুখ। ফলে বাবার লাশ নিয়ে জেলগেটে গিয়ে শেষবারের মতো দেখা করতে হয়েছে বাবা-ছেলেকে- যা স্বজনদের জন্য এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করে।
বুধবার সকাল সাড়ে ১১টায় আবুল বাশার মারা যান। এর আগে চলতি মাসেই আহসান শাহরুখকে পুলিশ গ্রেপ্তার করে। স্বজনদের অভিযোগ, প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি।
শাহরুখের স্বজন আল আমিন বলেন, ‘তিনবার গ্রেপ্তার করা হয়েছে তাকে। ছেলের দুশ্চিন্তায় বাবার মৃত্যু হয়েছে। প্যারোল চেয়ে ঘুরেও কোনো সাড়া পাইনি। পরে বাধ্য হয়ে জেলগেটে লাশ নিয়ে যাই।’ তিনি আরও বলেন, জেলগেটে তিনজনের বেশি যেতে না দেওয়ায় লাশ বহন করতেও সমস্যায় পড়তে হয়েছে। তার ভাষায়, ‘লাশের খাট বহন করতেও চার জন লাগে।’
প্যারোলের আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিন্টু জানান, আবেদন করা হলেও তা নাকচ করে জেলগেটে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, আবেদনটি জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হলে তিনি জেলগেটে সাক্ষাতের সিদ্ধান্ত দেন। তবে এ বিষয়ে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৩১:৪৫ ● ২৮ বার পঠিত
