মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
কাউখালীতে ঝড়ে ভারতগামী কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি
হোম » লিড নিউজ » কাউখালীতে ঝড়ে ভারতগামী কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে কালবৈশাখী ঝড়ে কোস্টার জাহাজের ধাক্কায় ফেরিঘাটে নোঙর করা একটি ফেরির মাস্তুল ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। একই ঘটনায় একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ ঝড় শুরু হলে ঢাকা থেকে ভারতগামী ‘এমভি নূরে রওজা-৫’ নামের একটি কোস্টার জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে কাউখালী উপজেলার সোনাকুর ফেরিঘাটে গিয়ে আছড়ে পড়ে। এতে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি ফেরি জাহাজের মাস্তুল ভেঙে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় ফেরির সঙ্গে বাঁধা নদী পারাপারের ‘সুমাইয়া’ নামের একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যায়।
পিরোজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আল আমিন সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, খবর পেয়ে বরিশাল ফেরি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে কাউখালী বিআইডব্লিউটিএ ট্রাফিক অফিস সূত্রে জানা গেছে, কোস্টার জাহাজটি মালামাল পরিবহনের জন্য ঢাকা থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্ধ্যা নদীতে নোঙর করার সময় ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২২:১৬:৪৭ ● ৪০ বার পঠিত
