মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ৫টি বসতঘর বিধ্বস্ত, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
হোম » লিড নিউজ » কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ৫টি বসতঘর বিধ্বস্ত, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে অন্তত পাঁচটি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে অর্ধ শতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত এবং শত শত গাছপালা উপড়ে পড়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে এ ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী, নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। এছাড়া লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও বহু ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দরিদ্র এসব পরিবার চরম বিপাকে পড়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সহায়তার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
বাংলাদেশ সময়: ১৬:১০:২০ ● ১৩ বার পঠিত
