মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ব্রিজ নির্মাণের নামে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হোম » বরিশাল » গৌরনদীতে ব্রিজ নির্মাণের নামে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে ব্রিজ নির্মাণের নামে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়নের বংকুরা গ্রামে খালের ওপর ব্রিজ নির্মাণের কথা বলে স্থানীয় দু’জনের কাছ থেকে ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে। দীর্ঘ প্রায় দুই বছর পেরিয়ে গেলেও ব্রিজ নির্মাণ না হওয়ায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

 

সরেজমিনে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বংকুরা গ্রামে গেলে সেখানকার সত্যরঞ্জন বিশ্বাস (৬৫) ও প্রমথ মন্ডল (৬০) অভিযোগে সাগরকন্যাকে জানান, চলাচলের সুবিধা করে দেওয়ার কথা বলে খালের ওপর ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছেন আনোয়ার মেম্বার। কিন্তু আজও ব্রিজ নির্মাণের কাজটি শেষ হয়নি। এতে তারা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন।

 

স্থানীয় বাসিন্দা সুধাংশু মন্ডল ও অরুণ চন্দ্র হালদার বলেন, ‘ব্রিজ না থাকায় আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেম্বার টাকা নেওয়ার পর যদি কাজটি সম্পন্ন করে দিতেন, তাহলে কোনো অভিযোগ থাকত না। আমরা দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।’

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা দ্রুত কাজটি সম্পন্ন করার চেষ্টা করছি। মিস্ত্রির খরচ বাবদ তাদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হয়েছে।’

 

এ বিষয়ে বাটাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার জানান, ইউনিয়ন পরিষদের কোনো বরাদ্দ ছাড়াই অন্য একটি ব্রিজের পরিত্যক্ত মালামাল দিয়ে বংকুরা গ্রামের ওই খালের ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ থাকা কাজটি সম্পন্ন করা হবে বলে আশা করছি।

 

ইউপি সদস্যের টাকা নেওয়ার প্রসঙ্গে চেয়ারম্যান সাগরকন্যাকে বলেন, ‘মেম্বার যে টাকা নিয়েছে, এ কথা শুনেছি।’

বাংলাদেশ সময়: ১৫:০৩:৩১ ● ৪২ বার পঠিত