শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
বরগুনার বেতাগীতে জমি বিরোধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ
হোম » বরগুনা » বরগুনার বেতাগীতে জমি বিরোধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থী এমএম আন (১০) ফুলতলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আমিনুল ইসলাম মোল্লা ও মোকলেছুর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ১৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে বরগুনা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে।
আহত শিশুর বাবা আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, ‘পূর্ব বিরোধের জেরে মোকলেছুর রহমান (৫৫), তার স্ত্রী ময়না বেগম (৪৫) ও ভাই জবেদ আলী খলিফা (৬০) বিদ্যালয়ের সামনে আমার ছেলে আনকে গলাটিপে হত্যার চেষ্টা করে।’
তিনি জানান, শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহত শিশুর মা তাজনিপা বলেন, ‘বিদ্যালয়ের গেটের সামনে আমার ছেলের ওপর হামলা করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’
এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তবে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ২৩:২৪:০১ ● ৩১ বার পঠিত
