শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ: বালিকায় চানপুর, বালকে টিটিডিসি চ্যাম্পিয়ন
হোম » খেলা » মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ: বালিকায় চানপুর, বালকে টিটিডিসি চ্যাম্পিয়ন

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালিকা বিভাগে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকাল ৪টায় সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালিকা গ্রুপে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সিন্নিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জেতে। অন্যদিকে বালক গ্রুপে টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান। প্রধান অতিথি হিসেবে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি উপস্থিত থাকার কথা থাকলেও অনুপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক ও রবিউল ইসলাম, উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মো. জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ফকরুল ইসলাম সোহেল ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মেহেদী ফরিদ উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিরণ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার ২০৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য থেকে অঞ্চলভিত্তিক প্রতিযোগিতা শেষে চারটি দল উপজেলা পর্যায়ের ফাইনালে অংশ নেয়। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দুই ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম রবিন ও মো. ফখরুল ইসলাম তালুকদার।
বাংলাদেশ সময়: ২২:০৫:৩১ ● ২৩ বার পঠিত
