শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

চরফ্যাশনে দোকান দখলচেষ্টা ঘিরে বিএনপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

হোম » ভোলা » চরফ্যাশনে দোকান দখলচেষ্টা ঘিরে বিএনপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬


চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলচেষ্টা, মারধরের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশন পৌর শহরে দোকানঘর দখলকে কেন্দ্র করে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

শুক্রবার (২৪ এপ্রিল) চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দোকান মালিক মো. সালাম অভিযোগ করেন, পৌর শহরের কাপড়িয়া পট্টিতে তার বাবার নামে থাকা দোকানভিটা প্রায় ৫৫ বছর ধরে তাদের পরিবার ভোগদখলে রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর অভিযুক্ত আলমগীর মালতিয়া প্রভাব খাটিয়ে তাদের উচ্ছেদের চেষ্টা করেন এবং একপর্যায়ে দোকানটি তালাবদ্ধ করে দেন।

তিনি জানান, জাতীয় নির্বাচনের পর তারা পুনরায় দোকানটি নিজেদের দখলে নেন। তবে চলতি বছরের ৭ এপ্রিল আলমগীর মালতিয়া দোকানটির মালিকানা দাবি করে ভাড়াটিয়ার কাছে ভাড়া চান। এতে ভাড়াটিয়া অস্বীকৃতি জানালে তাকে অশালীন ভাষায় গালমন্দ করা হয়।

লিখিত বক্তব্যে সালাম আরও বলেন, আমি ঘটনার খবর পেয়ে সেখানে গেলে আলমগীর মালতিয়া আমাকে বেধড়ক মারধর করেন। পরে আমি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিই।

এ বিষয়ে অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, এটা আমাদের দলিলকৃত সম্পত্তি। আমি ষড়যন্ত্রের শিকার। বিএনপির একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০৩:২৬ ● ২৫ বার পঠিত