শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬
মহিপুরে কোস্টগার্ডের মারধরের অভিযোগে শ্রমিক হাসপাতালে
হোম » পটুয়াখালী » মহিপুরে কোস্টগার্ডের মারধরের অভিযোগে শ্রমিক হাসপাতালে

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে কোস্টগার্ড সদস্যদের মারধরের অভিযোগে মো. শামীম ফকির (২৮) নামে এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার সোনাতলা নদীর ওপর নীলগঞ্জ ইউনিয়নে হাজীপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ২টার দিকে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের রনি ফকিরের ছেলে।
আহত শামীম ফকির বলেন, তিনি তার ছোট ভাইকে নিয়ে সেতুতে ঘুরতে গেলে সাদা পোশাকধারী তিনজন কোস্টগার্ড সদস্য তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধরে মহিপুরের নিজামপুর কোস্টগার্ড স্টেশনে নিয়ে যান। সেখানে চিংড়ির রেনুপোনার গোয়েন্দাগিরির অভিযোগে তাকে মারধর করা হয়। একপর্যায়ে অণ্ডকোষে লাথি মারা হয় এবং তার কাছে থাকা কোরবানির পশু কেনার ১০ হাজার ৭০০ টাকা নিয়ে নেওয়া হয়। এছাড়া হাত-পা বেঁধে বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগও করেন তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেনুপোনা আহরণের মৌসুমে নিজামপুর কোস্টগার্ড স্টেশনের সামনেই নিয়মিত নিষিদ্ধ জাল দিয়ে চিংড়ির রেনুপোনা ধরা হয়। এমন পরিস্থিতিতে কাউকে বেঁধে নির্যাতন করা অমানবিক ও বেআইনি কি না- এ প্রশ্নও তোলেন তারা।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শামীম ফকিরকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে নিজামপুর কোস্টগার্ড স্টেশনের একটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কল রিসিভকারী ব্যক্তি নিজেকে কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা দাবি করে নাম প্রকাশে অপারগতা জানান এবং এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানান।
বাংলাদেশ সময়: ১৮:০৪:৩৯ ● ২৩ বার পঠিত
