বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬

নাজিরপুরে ডাকাতি: আন্তঃজেলা চক্রের সর্দার গ্রেফতার, বাকিদের খোঁজে অভিযান

হোম » পিরোজপুর » নাজিরপুরে ডাকাতি: আন্তঃজেলা চক্রের সর্দার গ্রেফতার, বাকিদের খোঁজে অভিযান
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

নাজিরপুরে ডাকাতি: আন্তঃজেলা চক্রের সর্দার গ্রেফতার, বাকিদের খোঁজে অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার আব্দুল আজিজ ফরাজী (৫৭)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। গ্রেফতারকৃত আজিজ বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম ইলুহার গ্রামের জালাল ফরাজীর ছেলে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও র‍্যাবের সহায়তায় মাদারীপুরে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নাজিরপুর থানার পরিদর্শক (ওসি) এর নির্দেশনায় এসআই সুমনের নেতৃত্বে একটি দল তাকে রাত ১০টার দিকে থানায় নিয়ে আসে।

তদন্ত সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনায় ৯ সদস্যের একটি আন্তঃজেলা দল জড়িত। এর মধ্যে ৭ জন ঘটনাস্থলে প্রবেশ করে এবং বাকি ২ জন ট্রলারে অবস্থান করছিল। ডাকাতির সময় স্থানীয়দের প্রতিরোধে দুলাল রাড়ী নামে এক সদস্য গণপিটুনিতে নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, ‘গত ১৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে নাজিরপুরের কলারদোয়ানিয়া ইউনিয়নের মোহাম্মদ নাজমুল হাসানের বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় গণপিটুনিতে দুলাল রাড়ী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, পরে তিনি মারা যান।’ তিনি জানান, ঘটনাটি উদঘাটনে তদন্ত চালিয়ে ইতিমধ্যে মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ওই ঘটনায় বাড়ির মালিক মোহাম্মদ নাজমুল হাসান ও তার ছেলে গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ১৭:০১:১৬ ● ২০ বার পঠিত