সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
মোংলায় ডিম খেয়ে আর স্কুলে যাওয়া হল না ছোট্ট শিমুর
হোম » খুলনা » মোংলায় ডিম খেয়ে আর স্কুলে যাওয়া হল না ছোট্ট শিমুর

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
ডিম খেয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল ছোট্ট শিমু- কিন্তু সেই পথই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। বাগেরহাটের মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় শামীম হাওলাদারের মেয়ে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মোংলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আসমা খানম সাগরকন্যাকে জানান, সকালে শিমু খাবার খেয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তার মা তাকে দোকান থেকে ডিম আনতে পাঠান। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:১০:৪২ ● ২৩ বার পঠিত
