সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
বাউফলে নারীসহ ৪ মাদককারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার
হোম » পটুয়াখালী » বাউফলে নারীসহ ৪ মাদককারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক নারীসহ চারজন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- কাশিপুর গ্রামের জামাল মীরের স্ত্রী খাদিজা বেগম (৪০), একই গ্রামের মোজাম্মেল মীরের ছেলে খায়রুল ইসলাম মীর (২০), কমলাপুর গ্রামের আজহার কাজীর ছেলে সবুজ কাজী (৩০) এবং নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের সোবহান আকনের ছেলে সুমন আকন (৩২)।
পুলিশ জানায়, আটক খাদিজা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদককারবারের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সাগরকন্যাকে বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৩:১০:৫৩ ● ১০৩ বার পঠিত
