শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬
বরগুনা সদরে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হোম » বরগুনা » বরগুনা সদরে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সদর উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোনেস মন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন, জেলা কৃষকদলের সভাপতি মাসুদুর রহমান মানসুর ও সাধারণ সম্পাদক রেজবিউল হক রেজবি।
সম্মেলনে বক্তারা বলেন, বরগুনার কৃষকদল সাংগঠনিকভাবে সুগঠিত ও সক্রিয়। জেলার ইউনিয়ন ও পৌরসভায় দলটির কার্যকর কমিটি রয়েছে এবং তারা নিয়মিতভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছে। শহীদ জিয়ার আদর্শে গঠিত এ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি নজরুল ইসলাম মোল্লা বলেন, কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম প্রশংসনীয়। তারা বিভিন্ন উপজেলায় সুসংগঠিতভাবে কাজ করছে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউনিটভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যারা নির্ভয়ে দায়িত্ব পালন করেছেন, তারা সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতে নতুন ও যোগ্য কর্মীদের যুক্ত করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বরগুনা সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আবু ইউসুফ খান লিটনের সঞ্চালনায় সম্মেলনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর কৃষকদল, ছাত্রদল, স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৫০:১৪ ● ৫১ বার পঠিত
