শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬

সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক

হোম » জেলে-মৎস্য » সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬


 

সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনে পৃথক দুটি অভিযানে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত দুই জেলেকে উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এ তথ্য জানান।

 

তিনি জানান, বনদস্যু দমন অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল মোংলা জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকা থেকে মাছ ধরার সময় অপহৃত দুই জেলেকে ১৬ এপ্রিল বিকেলে মুর্তি খাল এলাকা থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়।

 

অন্যদিকে, শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় পৃথক অভিযানে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুল ইসলাম (৩৫)কে আটক করা হয়। তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও নয় রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। তিনি খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ওই বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দস্যুতা চালিয়ে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড।

 

কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫৯ ● ২৭ বার পঠিত