শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় ৩৬০ ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

হোম » সর্বশেষ » কলাপাড়ায় ৩৬০ ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় ৩৬০ ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩৬০ জন কিশোরী ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন এক্টি (কিয়া)-এর সহায়তায় ‘নিরাপদ জীবন জীবিকা’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

 

প্রতিটি প্যাকেজে ৫ পিস পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, ১ বোতল স্যাভলন, ১টি গোসলের সাবান ও ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার প্রদান করা হয়। বিতরণের আগে কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সুরক্ষা বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিয়া বাংলাদেশ-এর পোর্টফোলিও কো-অর্ডিনেটর মিসেস ম্যাটিল্ডা টিনা বৈদ্য। প্রকল্পের অর্গানাইজার এলবাট শোভন বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী ইউপি সদস্য মাহফুজা বেগম।

 

এছাড়া প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রিগবী সেতু গোমেজ, ইউপি সহকারী সচিব সগীর মাতুব্বর ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মিসেস ম্যাটিল্ডা টিনা বৈদ্য বলেন, ‘কিশোরী বয়সে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অসচেতনতা ও উপকরণের অভাবে অনেক সময় ছাত্রীরা শারীরিক সমস্যায় ভোগে। তাদের সচেতন করা এবং প্রয়োজনীয় সামগ্রী সরবরাহই আমাদের লক্ষ্য।’

 

উপকারভোগী নবম শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার মনি বলেন, ‘আগে এসব বিষয় নিয়ে কথা বলতে দ্বিধা ছিল। আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখেছি। এখন থেকে পিরিয়ড চলাকালীন স্কুল কামাই দিতে হবে না।’

 

আরেক শিক্ষার্থী দিপালী বলেন, ‘সাবান ও স্যাভলনসহ হাইজিন কিট আমাদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সহায়তা করবে।’

 

উল্লেখ্য, সিআরএসএস ‘নিরাপদ জীবন জীবিকা’ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩৭ ● ৪২ বার পঠিত