মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
নেছারাবাদে জমজমাট ঘোড়দৌড় ও বৈশাখী মেলা অনুষ্ঠিত
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে জমজমাট ঘোড়দৌড় ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পাটিকেলবাড়ী বিশাল মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বৈশাখী এ আয়োজনকে ঘিরে দুপুর থেকেই মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে আগত দর্শকদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। বিশেষ করে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ মাঠের চারপাশে ভিড় জমায়।
প্রতিযোগিতায় বাগেরহাট থেকে আগত পাঁচটি ঘোড়া ও তাদের সাওয়ারি অংশ নেয়। নির্ধারিত এক কিলোমিটার ট্র্যাক তিনবার প্রদক্ষিণের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। প্রতিযোগিতা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়ারেখা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান (অবসরপ্রাপ্ত শিক্ষক), সদস্য সচিব মাইনুল হক রাসেল, সারেংকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম (টুলু), পাটিকেলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. মুনসুর আহমেদ এবং পাটিকেলবাড়ী বিশাল হরিসভা মন্দিরের সভাপতি কমল বড়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মজিবুর রহমান বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব শুধু আনন্দের নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে।’ তিনি আরও বলেন, ‘গ্রামীণ খেলাধুলা ও এ ধরনের আয়োজন সমাজকে একত্রিত করে এবং তরুণদের মধ্যে ইতিবাচক চর্চা গড়ে তোলে। মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।’
আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও স্থানীয়দের সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৩০:০৯ ● ৩০ বার পঠিত
