মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
হোম পেজ » সর্বশেষ » চরফ্যাশনে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
পহেলা বৈশাখ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট, অনলাইন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় পাখি, মাছ ও মুখোশসহ গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীকী উপস্থাপনা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।
শোভাযাত্রা শেষে ফ্যাশন স্কয়ারে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করেন প্রতিটি পরিবেশনা।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন।’
অনুষ্ঠানের অংশ হিসেবে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হলে অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
বর্ণিল আয়োজন ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চরফ্যাশনে পহেলা বৈশাখ উদযাপন পরিণত হয় এক প্রাণের উৎসবে।
বাংলাদেশ সময়: ১৪:৪৯:০১ ● ২০ বার পঠিত
