রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার প্রার্থনা গলাচিপায় মিথ্যা মামলার ভারে বিপর্যস্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর আর্তি
হোম পেজ » শিক্ষা » প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার প্রার্থনা গলাচিপায় মিথ্যা মামলার ভারে বিপর্যস্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর আর্তি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক মেধাবী শিক্ষার্থী ‘মিথ্যা মামলায়’ জড়িয়ে পড়ার অভিযোগে পড়াশোনা ও স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়েছে।
হাসিবুন নাহার সিনহা, গলাচিপা মহিলা কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের কন্যা এবং গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। গত ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার সময় একটি ঘটনায় তাকে মামলার ১২ নম্বর আসামি করা হয়। অভিযোগে উল্লেখিত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার সময়ে তিনি পরীক্ষার হলে বসে ইংরেজি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে জানায় পরিবার।
মামলায় জড়ানোর পর থেকে গ্রেপ্তার আতঙ্কে নিজ বাড়িতে থাকতে পারেনি সে। অনিশ্চয়তার মধ্যেই দিতে হয়েছে পরবর্তী পরীক্ষাগুলো, ফলে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়।
সব প্রতিকূলতার মধ্যেও গলাচিপা উপজেলা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে হাসিবুন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
হাসিবুন বলে, ‘যদি আমাকে এই মিথ্যা মামলায় জড়ানো না হতো, তাহলে আমি আরও ভালো ফলাফল করতে পারতাম, মেধাতালিকায় স্থান পেতাম।’
বর্তমানে মামলার কারণে আদালতে যাতায়াত করতে হচ্ছে, যা তার পড়াশোনা ও মানসিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানায় সে।
সে আরও বলে, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং পটুয়াখালী-৩ আসনের এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর আংকেলের কাছে আমি বিচার চাই। আমি যেন আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, আমার পড়াশোনা যেন আর বাধাগ্রস্ত না হয়।’
বাংলাদেশ সময়: ১৪:৩৫:৪০ ● ২১ বার পঠিত
