শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
গৌরনদীতে বিজ্ঞান মেলা: উদ্ভাবনী প্রকল্পে শিক্ষার্থীদের অংশগ্রহণ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিজ্ঞান মেলা: উদ্ভাবনী প্রকল্পে শিক্ষার্থীদের অংশগ্রহণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইব্রাহিম। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
‘উদ্ভাবনী চিন্তায় বাংলাদেশ গড়বে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও প্রযুক্তির প্রতি আগ্রহ জাগ্রত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
মেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজক উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠান শেষে প্রশাসনিক কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৪:০৬:২৫ ● ৩৯ বার পঠিত
