রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ডলফিন
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ডলফিন![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশে জোয়ারের পানির সঙ্গে ভেসে এসেছে প্রায় ৮ ফুট লম্বা একটি মৃত ডলফিন। ডলফিনটির শরীরের বেশিরভাগ অংশের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে দড়ি দিয়ে বাঁধার মতো আঘাতের চিহ্ন দেখা গেছে- যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল রবিবার দুপুরের দিকে ডলফিনটি দেখতে পান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ইরাবতী ডলফিন; যার মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো লম্বা ঠোঁট থাকে না। এ প্রজাতির ডলফিন সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীতে বসবাস করে এবং এটি একটি বিপন্ন প্রজাতি।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের জন্য অশনিসংকেত। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির ইঙ্গিত দেয়। দ্রুত কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’
উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘বারবার ডলফিন ও কচ্ছপের মৃতদেহ ভেসে আসা প্রমাণ করে সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ ও নৌযানের অসচেতন চলাচল এর জন্য দায়ী হতে পারে।’
বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে। উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে কাজ করা হচ্ছে।
পরে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটি চাপা দেয়।
সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য তা বড় হুমকি হয়ে দাঁড়াবে; তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ১৬:১০:১৬ ● ৩১ বার পঠিত
