রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
পাথরঘাটায় কাঁচামাল বিক্রি করেও জনসেবায় বশির আকন
হোম পেজ » বরগুনা » পাথরঘাটায় কাঁচামাল বিক্রি করেও জনসেবায় বশির আকন![]()
সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
কাঁধে কলার ছড়া বা বস্তা, কখনো মাথায় বোঝা-এক হাতে থাকে কাগজের ফাইল। এভাবেই প্রতিদিন গ্রাম থেকে কাঁচামাল সংগ্রহ করে বাজারে বিক্রি করেন রেজওয়ান বশির আকন; আর সেই ফাইল ভরা থাকে জনস্বার্থে করা নানা আবেদনের কাগজে।
বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামের বাসিন্দা বশির আকন জীবিকার তাগিদে সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে কলা, আম, কাঠাল, পেঁপেসহ বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করেন। পরে সেগুলো উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে সংসার চালান।
সীমিত আয়ের মধ্যেও তিনি থেমে থাকেননি শুধু নিজের প্রয়োজনেই; বরং নীরবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দীর্ঘদিন ধরে ভরাট খাল খনন, সুপেয় পানির জন্য খাস পুকুর খনন, কৃষি রক্ষায় স্লুইসগেট সচল করা-এসব দাবিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে আসছেন তিনি। এসব আবেদন তৈরির খরচ-কম্পিউটার কম্পোজ, ফটোকপি ও ডাকযোগে পাঠানো-সবই বহন করেন নিজের উপার্জনের টাকা থেকে।
বশির আকন বলেন, মানুষ মানুষের জন্য-এই বিশ্বাস থেকেই যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। এতে যে মানসিক শান্তি পাই, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি জানান, প্রায় ১৫ বছর ধরে আবেদন করেও কাঙ্ক্ষিত গুরুত্ব পাননি। আমি অশিক্ষিত ও গায়ে ভালো কাপড় না থাকায় অফিসগুলোতে গেলে গুরুত্ব দেয় না। তাই এখন ডাকযোগে আবেদন পাঠাই,-যোগ করেন তিনি।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বছরের মধ্যে যত আবেদনপত্র পাই, তার মধ্যে সবচেয়ে বেশি থাকে বশির আকনের। আর সবগুলোই জনস্বার্থসংশ্লিষ্ট।
মানবিককর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, দিনমজুরের কাজ আর কাঁচামাল বিক্রি করে যে আয়, তা দিয়েই তিনি জনস্বার্থে খরচ করেন-এটা সত্যিই মানবিকতার দৃষ্টান্ত।
কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অত্যন্ত সীমিত সামর্থ্য নিয়েও তিনি জনস্বার্থে কাজ করে যাচ্ছেন-এটা প্রশংসনীয়। তার মতো মানুষের উপস্থিতিই সমাজে ইতিবাচক পরিবর্তনের আশা জাগায়।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১২:২৯:৩৯ ● ৩৬ বার পঠিত
