শনিবার ● ৪ এপ্রিল ২০২৬

বরগুনায় ডিজেল সংকটে জেলেদের সাগরযাত্রা বন্ধ

হোম পেজ » বরগুনা » বরগুনায় ডিজেল সংকটে জেলেদের সাগরযাত্রা বন্ধ
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬


বরগুনায় ডিজেল সংকটে জেলেদের সাগরযাত্রা বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় ডিজেল সংকটে মৎস্যজীবীদের সাগরে যাওয়া কার্যত বন্ধ হয়ে পড়েছে। সামনে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে এমন পরিস্থিতিতে জেলে পরিবারগুলোতে দেখা দিয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। আয় বন্ধ থাকায় অনেক পরিবারে খাদ্য সংকটও দেখা দিয়েছে।

জানা গেছে, পাথরঘাটা উপজেলার দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) এখন অনেকটাই নিস্তব্ধ। যেখানে প্রতিদিন শত শত মাছভর্তি ট্রলারের ভিড় থাকত, সেখানে এখন গভীর সমুদ্রে যেতে না পারায় ট্রলারগুলো ঘাটে পড়ে আছে। যুদ্ধজনিত কারণে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় গত কয়েক দিন ধরে ট্রলারগুলো সাগরে যেতে পারছে না। এর প্রভাব পড়েছে উপকূলীয় নদ-নদীতে মাছ ধরা ক্ষুদ্র জেলেদের ওপরও। টানা প্রায় দুই সপ্তাহ নদীতে নামতে না পারায় তাদের আয় বন্ধ হয়ে গেছে, বাড়ছে দাদন ও এনজিও ঋণের চাপ।

জেলে ও ট্রলার মালিকদের অভিযোগ, পাথরঘাটায় তেল ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে ব্যারেলপ্রতি দুই থেকে তিন হাজার টাকা বেশি নিচ্ছেন। অন্যদিকে পাম্প থেকে বোতল বা কন্টেইনারে তেল বিক্রি বন্ধ থাকায় ছোট নৌকার জেলেরা তেল সংগ্রহ করতে পারছেন না, ফলে তারা সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন।

জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৬ হাজার। এর মধ্যে প্রায় ১০ হাজার ছোট ইঞ্জিনচালিত নৌকা নদ-নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই বিশাল জনগোষ্ঠীর জীবন-জীবিকা এখন পুরোপুরি জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল।

চরদুয়ানির জেলে জামাল বিশ্বাস বলেন, আমরা ছোট নৌকায় স্যালো মেশিন দিয়ে মাছ ধরি। পাম্প থেকে ড্রামে তেল দেয় না, তাই নদীতে যেতে পারছি না। পরিবার নিয়ে কষ্টে আছি।
পাথরঘাটার জেলে রফিক বলেন, ট্রলারের প্রয়োজনীয় তেলের অর্ধেকও পাওয়া যায় না। সাগরে গেলেও ফেরার তেল থাকে না, তাই ট্রলার ঘাটে পড়ে আছে। ঋণের কিস্তি দিতে পারছি না।
পুরাকাটা এলাকার ট্রলার মাঝি কবির হাওলাদার বলেন, ৩০ বছর ধরে মাঝির কাজ করি। তেলের অভাবে সাগরে যেতে পারছি না। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

আমতলীর এক ডিপো মালিক জানান, যুদ্ধের কারণে তেল সরবরাহ কম। আমরা যতটুকু পাই, ততটুকুই দিচ্ছি।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন জানান, সমুদ্রগামী ট্রলারের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। তবে ছোট নৌকার জেলেদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৮:৪০ ● ৪২ বার পঠিত