শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি
হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি
সাগর কন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চরমোনাইয়ের মাহফিল শেষে মুসল্লীদের নিয়ে এমভি সাব্বির-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকায় মোল্লা ভাই ভাই নামের বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সেটি তলিয়ে যায়।
বাল্কহেডের স্টাফ রাজা মিয়া জানান, সংঘর্ষের পরপরই নৌযানটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন। লঞ্চটিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেটি গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:৪৭:১৯ ● ২৬ বার পঠিত
