শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬

সুন্দরবনে অস্ত্রসহ ২ ডাকাত আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার

হোম পেজ » খুলনা » সুন্দরবনে অস্ত্রসহ ২ ডাকাত আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬


সুন্দরবনে অস্ত্রসহ ২ ডাকাত আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনে পৃথক দুই অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক এবং জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকোপ থানার বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে বিশেষ অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুইটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ১০০ টাকাসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। একই সঙ্গে তাদের আস্তানাও ধ্বংস করা হয়।

আটকরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার মো. সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছা উপজেলার বাবুল সানা (৪২)। তারা দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

অপরদিকে, আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৩১ মার্চ সাতক্ষীরার শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকা থেকে জোনাব বাহিনীর সদস্যরা একটি নৌকাসহ তিন জেলেকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। এ তথ্যের ভিত্তিতে ১ এপ্রিল সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন হলদেবুনিয়া ও কৈখালী যৌথভাবে অভিযান চালায়।

অভিযানে জিম্মি থাকা একটি নৌকাসহ তিন জেলে-ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)-কে উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা, দুই রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ, তিনটি ওয়াকিটকি চার্জার, তিনটি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, গত দেড় বছরে ধারাবাহিক অভিযানে করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এসব অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি ও ১ হাজার ৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। পাশাপাশি দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও তিনজন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণভাবে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৩:৩৫ ● ৩০ বার পঠিত