শনিবার ● ৪ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাত ভাঙা, দুই বছরেও মেরামত হয়নি

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাত ভাঙা, দুই বছরেও মেরামত হয়নি
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাত ভাঙা, দুই বছরেও মেরামত হয়নি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাতের একাধিক স্লাব ভেঙে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এতে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করছেন। দ্রুতগতির যানবাহনের কারণে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, সেতুটির দুই পাশের ফুটপাতের বেশ কিছু স্লাব বিধ্বস্ত হয়ে আছে। এর আগে কিছু স্লাব মেরামত করা হলেও নতুন করে ভাঙা স্লাবগুলো অন্তত এক বছর ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন। বিশেষ করে সন্ধ্যার পর সেতুতে ভ্রমণকারী ও পথচারীর চাপ বাড়ে, যা ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। প্রতিদিন এই সেতু দিয়ে কুয়াকাটাগামী দূরপাল্লার বাসসহ পণ্যবাহী ট্রাক ও ট্রলি চলাচল করে।

 

পথচারী আলতাফ হোসেন বলেন, ‘প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করি। ফুটপাত ভাঙা থাকায় চলাচলে খুব সমস্যায় পড়তে হয়।’

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’র সভাপতি নাজমুস সাকিব বলেন, ‘জনস্বার্থে দ্রুত ফুটপাতের ভাঙা স্লাবগুলো মেরামত করা প্রয়োজন।’

 

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রায় দেড় বছর আগে ভাঙা স্লাব মেরামতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, বিষয়টি জেলা সমন্বয় সভায় উপস্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৩০ ● ২২ বার পঠিত