মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
কলাপাড়ায় চোরাই গরু উদ্ধার, জবাই করে বিক্রির অভিযোগে জরিমানা
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় চোরাই গরু উদ্ধার, জবাই করে বিক্রির অভিযোগে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় চুরি হওয়া গরু উদ্ধার ও একটি জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। স্থানীয় সালিশের মাধ্যমে এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সূত্র জানায়, শনিবার পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের চরহেয়ার (কলাগাছিয়া) এলাকার বাসিন্দা মোশারেফ দালালের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলো না পেয়ে পরে ফেসবুকের মাধ্যমে তথ্য পেয়ে তিনি কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে এসে গরু সনাক্ত করেন।
এ সময় দেখা যায়, একটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। বাকি দুটি গরু উদ্ধার করে স্থানীয়ভাবে জিম্মায় রাখা হয়। পরে রবিবার বালিয়াতলী ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে অভিযুক্ত মাংস ব্যবসায়ী আবু সালেহ হাওলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধার হওয়া দুটি গরু মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
গরুর মালিক মোশারেফ দালাল সাগরকন্যাকে বলেন, ‘রাতের বেলায় আমার খামার থেকে তিনটি গরু চুরি হয়। পরে খোঁজ নিয়ে এসে একটি গরুর চামড়া দেখে সেটি সনাক্ত করি এবং বাকি দুটি গরু জীবিত অবস্থায় পাই।’
সালিশে উপস্থিত স্থানীয় বিএনপি নেতা ঝুনু কবির বলেন, ‘উদ্ধার হওয়া গরু দুটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং জবাই করা গরুর ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৪:৫৫:০০ ● ৪৪ বার পঠিত
