সোমবার ● ৩০ মার্চ ২০২৬
বরগুনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপহরণ, আদালতে ধর্ষণ মামলা
হোম পেজ » লিড নিউজ » বরগুনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপহরণ, আদালতে ধর্ষণ মামলা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে আদালতে ধর্ষণের মামলা করেছে ভুক্তভোগীর মা। আট দিনেও মেয়ের সন্ধান না মেলায় সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআই, পটুয়াখালীকে অপহৃতাকে উদ্ধার এবং সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, প্রধান আসামি করা হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালিকাপুর গ্রামের দুলাল মুন্সীর ছেলে মুছা (২৯)। অপর আসামি তার বাবা দুলাল মুন্সী।
অভিযোগে বলা হয়, একই গ্রামের ওই শিক্ষার্থী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। আসামি মুছা দীর্ঘদিন ধরে তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিত। বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানালে তিনি মুছার বাবা দুলাল মুন্সীর কাছে গিয়ে এ ধরনের আচরণ বন্ধ করতে অনুরোধ করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এরপর চলতি মাসের ২৩ তারিখ বিকেলে বাড়ির বাইরে গেলে মুছা ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় বলে মামলায় দাবি করা হয়। আট দিন ধরে খোঁজ না পেয়ে এক পর্যায়ে ভুক্তভোগীর মা মামলা করেন।
মেয়ের মা অভিযোগ করে বলেন, অপহরণের পর তার মেয়েকে বিভিন্ন স্থানে আটকে রেখে প্রতিরাতে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে ফোনে জানানো হয়।
এ বিষয়ে তিনি ২৪ মার্চ পাথরঘাটা থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি বলেও অভিযোগ করেন। তবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেন, থানায় কেউ মামলা করতে আসেনি এবং এ ধরনের অভিযোগ সত্য নয়।
অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৭:৪১:২৬ ● ৭৩ বার পঠিত
