রবিবার ● ২৯ মার্চ ২০২৬

মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরি: জেলা ছাত্রদল নেতা জেলহাজতে

হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরি: জেলা ছাত্রদল নেতা জেলহাজতে
রবিবার ● ২৯ মার্চ ২০২৬


 

যে মোটরসাইকেল নিয়ে আটক হন ছাত্রদল নেতা জিহাদুল ইসলাম খান। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম খানকে গ্রেপ্তার করে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

 

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে পৌর এলাকার বদরপুরে সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় মালিক তানভির ইসলামের ভাড়ায় চালিত মোটরসাইকেলটি ঘাড়-লক করে রাখা হয়। রাত ১টার দিকে বদরপুর খান বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ে পালানোর সময় টহল পুলিশের হাতে ধরা পড়েন জিহাদুল ইসলাম খান। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে মালিককে ডাকা হয় এবং তার উপস্থিতিতে লক ভেঙে চুরির চেষ্টা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

 

রবিবার মামলা রুজু করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বাদী তানভির ইসলাম বলেন, ‘ধারদেনা করে মোটরসাইকেল কিনে ভাড়ায় যাত্রী পরিবহন করে সংসার চালাই। গাড়িটি চুরি হওয়ার সময় পুলিশের কারণে রক্ষা পেয়েছি। সঠিক বিচার চাই, যাতে অন্য কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’

 

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা জানান, অভিযুক্ত জিহাদ ছাত্রদলের পদে থাকলেও তিনি আগে থেকেই বিতর্কিত এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, ‘ছাত্রদল করলেও তাকে ছাত্রদল হিসেবে চিনি না, আগে থেকেই দুষ্ট। বহিষ্কারের বিষয়টি কেন্দ্র সিদ্ধান্ত নেবে।’

 

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেলসহ জিহাদকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৪:১১ ● ৩৮ বার পঠিত