রবিবার ● ২৯ মার্চ ২০২৬

বরগুনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে জখমের অভিযোগ

হোম পেজ » বরগুনা » বরগুনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে জখমের অভিযোগ
রবিবার ● ২৯ মার্চ ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা 

বরগুনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হওয়ার পর পিটিয়ে জখম করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা গ্রহণ করা হয়েছে। আদালত পাথরঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

রবিবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের মো. পনু হাওলাদারের ছেলে মো. নাজমুল হোসেন টুটুল (২৮)কে। অপর দুই আসামি একই গ্রামের মো. শামিম (৩০) ও আনোয়ার হোসেন সাকিব (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মো. জিয়াউদ্দিন।

 

মামলার অভিযোগে জানা যায়, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিকালে ভুক্তভোগী গৃহবধূ বাবার বাড়ি থেকে প্রতিবেশী জহুরা বেগমের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে খালপাড় এলাকায় পৌঁছালে আসামি টুটুল তাকে খুনের ভয় দেখিয়ে রাস্তার পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন এবং পরনের কাপড় ছিঁড়ে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ওই সময় তার চিৎকারে প্রতিবেশী জহুরা বেগম ঘটনাস্থলে এগিয়ে এলে ধস্তাধস্তি শুরু হয়।

 

পরবর্তীতে ভুক্তভোগীর মা ও স্থানীয়রা ঘটনাস্থলে এলে ওই দুই সহযোগীসহ আসামিরা তাকে মারধর করে আহত করে। এরপর আসামী টুটুলকে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়েছে। আহত অবস্থায় ভুক্তভোগী পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

 

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, টুটুল দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিলেন। বিদেশে থাকা স্বামীর অনুপস্থিতিতে তিনি বাবার বাড়িতে থাকতেন। তিনি আরও জানান, স্থানীয়ভাবে বিচার না পাওয়ায় পরে মামলা করতে বিলম্ব হয়েছে।

 

অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯:০২:০৮ ● ৬৭ বার পঠিত