শনিবার ● ২৮ মার্চ ২০২৬
বাউফলে লঞ্চ-পন্টুনের চাপে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন
হোম পেজ » পটুয়াখালী » বাউফলে লঞ্চ-পন্টুনের চাপে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে লঞ্চ ও পন্টুনের চাপে আব্দুর রহমান গাজী (১২) নামের এক কিশোরের ডান পায়ের পাতা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৮ মার্চ) বিকেল আনুমানিক পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত আব্দুর রহমান উপজেলার ইন্দ্রকুল গ্রামের মো. রাসেল গাজীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চঘাটের পন্টুনে অবস্থান করছিল আব্দুর রহমান। বিকেল চারটার দিকে কালাইয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি বন্ধন- ৫ লঞ্চটি নুরাইনপুর ঘাটে ভেড়ে। এ সময় যাত্রীরা লঞ্চে ওঠানামা করছিলেন।
একপর্যায়ে লঞ্চটি পন্টুনের সঙ্গে ঘেঁষে এলে আব্দুর রহমান লঞ্চে ওঠার চেষ্টা করে। তখন লঞ্চ ও পন্টুনের মাঝখানে তার ডান পা আটকে যায়। এতে পায়ের পাতার মাংস ছিঁড়ে গিয়ে সে গুরুতরভাবে আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ বলেন, ‘কিশোরটির ডান পায়ের অবস্থা অত্যন্ত গুরুতর। উন্নত চিকিৎসা ছাড়া সুস্থ করা সম্ভব নয়, তাই দ্রুত বরিশালে পাঠানো হয়েছে।’
কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:১২:৩১ ● ৩০ বার পঠিত
